admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২০ ৮:৪৯ পূর্বাহ্ণ
করোনার নেগেটিভ সনদ না থাকায় ৩০৪ বিদেশফেরত যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিদেশ থেকে বাংলাদেশে ফেরা এসব ব্যক্তি কোয়ারেন্টাইনে পাঠানো হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্কে কর্মরত ডা. আবু সাঈদ জানান, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের ২০টি ফ্লাইটে ৩ হাজারের মতো মানুষ বাংলাদেশে আসে। এদের মধ্যে করোনার নেগেটিভ সনদ না থাকায় ৩০৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) গত ৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ ডিসেম্বরের পর যে কাউকে বাংলাদেশে আসতে হলে কোভিড-১৯ নেগেটিভ সনদ বাধ্যতামূলক। আর সেই সনদ ফ্লাইট ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যেই পরীক্ষা করাতে হবে।দেশে কোভিড-১৯ এর মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলার অংশ হিসেবেই এই কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ।
এ ব্যাপারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, কোভিড-১৯ নেগেটিভ সনদ যারা সঙ্গে আনবেন না, অবশ্যই তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে।