admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২০ ৭:১৩ অপরাহ্ণ
করোনাভাইরাসের আতঙ্ক যখন কিছুটা মিইয়ে আসছিলো, তখনই দেশে দেশে ছড়িয়ে পড়েছে এর নতুন ধরন, যার অস্তিত্ব পাওয়া গেছে বাংলাদেশেও। সঙ্গত কারণেই দেশের অর্থনীতিকে সচল রাখতে ১০ হাজার কোটি টাকার নতুন একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রসঙ্গত, এর আগেও করোনা মোকাবেলায় ১,২১,৩৫৩ টাকার একটি প্যাকেজ ঘোষণা করেছিল সরকার। জানা যায়, প্রধানমন্ত্রীর কাছ থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর তিনটি সিরিজ বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয়। সেখানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সেই আলোচনার ভিত্তিতে প্রণোদনা প্যাকেজটির একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। সামান্য কাটছাঁটের পর আসছে জানুয়ারির প্রধমার্ধেই এই প্রণোদনা ঘোষণা করার কথা রয়েছে।
নতুন এই প্যাকেজের আকার ১০ হাজার কোটি টাকা। মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচিয়ে রাখাই এই প্যাকেজের উদ্দেশ্য। সর্বোচ্চ সুদ ধার্য করা হয়েছে ১৪ শতাংশ। ঋণদাতাকে দিতে হবে ৯ শতাংশ এবং বাকি ৫ শতাংশ ভর্তুতি দেবে সরকার। একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তহবিলের মেয়াদ হবে ৫ বছর, সরকার ভর্তুকি দেবে ১ বছর।
শুধু এই প্যাকেজ নয়, কোভিড মোকাবেলায় এর আগে ঘোষণা করা প্রণোদনার মেয়াদ এবং অর্থের পরিমান বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সেজন্য একটি পর্যালোচনা কমিটিও গঠন করা হয়েছে। এদিকে নতুন প্রণোদনা প্যাকেজের কথা শুনে নড়েচড়ে বসেছে ব্যবসায়ী সংগঠনগুলো। সরকারের বিভিন্ন পর্যায়ে নিজেদের গুরুত্বের কথা তুলে ধরে আর্থিক সহায়ত চাইছে তারা। ইতোমধ্যে আগামী ৪ মাসের বেতন ভাতার জন্য বড় অংকের তহবিল চেয়ে সরকারের কাছে আবেদন করেছে বিজিএমইএ।