admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২০ ৬:০৩ অপরাহ্ণ
কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ। কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যাওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ বুধবার গাজীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয় বলে জানা গেছে। জয়দেবপুর রেল জংশনের স্টেশন সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
সেখানকার স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, ঢাকাগামী কমিউটার ট্রেনটি বেলা পৌনে ১১টার দিকে ধীরাশ্রম স্টেশন ত্যাগ করে। এ সময় আউটার সিগন্যাল এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মো. শাহজাহান আরো জানান, উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ট্রেন চলাচল বন্ধ থাকায় উভয়দিকে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে বলেও জানান তিনি।