admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২১ ১০:১৪ পূর্বাহ্ণ
ইয়েমেনের ভয়াবহ সন্ত্রাসী হামলা প্রাণে বাঁচলেন গভর্নর ও মন্ত্রী, নিহত ৬ জন। এক সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন এডেনের গভর্নর ও কৃষিমন্ত্রী। তবে এ হামলায় প্রাণ হারিয়েছেন তাদের অন্য ছয় সঙ্গী। এছাড়া আহত হয়েছেন সাতজন সাধারণ পথচারী। গতকাল রোববার ইয়েমেনের এডেনের কেন্দ্রস্থলে হামলার এ ঘটনা ঘটে। এডেনের গভর্নর আহমেদ হামিদ ল্যামলেসের কাফেলা যখন অন্তর্বর্তীকালীন রাজধানী তাওয়াহি জেলার মধ্য দিয়ে যাচ্ছিল তখন তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালেম আল-সুকাতরি।
গভর্নরের প্রেসসচিব, আলোকচিত্রী ও তার নিরাপত্তাপ্রধানসহ মোট ছয়জন এ ঘটনায় নিহত হয়েছেন। তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ঘটনার পরপরই প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। অপরাধীদের বিচারের আওতায় আনতে একটি বিস্তৃত তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, আহমেদ হামিদ লামলাস সাউদার্ন ট্র্যানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মহাসচিব। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিস্তৃত অঞ্চল ও এডেনের নিয়ন্ত্রণ নিতে তার দল সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে জোট বেঁধে লড়াই করছে। অন্যদিকে আর সালেম আল-সুকারতি সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসির সদস্য। হুতি বিদ্রোহীরা রাজধানী সানা থেকে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে উৎখাত করলে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলা শুরু করে।
দেশটির উত্তরাঞ্চলের অধিকাংশ অঞ্চল হুতিরা নিয়ন্ত্রণ করলেও দক্ষিণ অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী সৌদি সমর্থিত সরকার। দীর্ঘদিন ধরে চলা এ যুদ্ধে বেসামরিক নাগরিকসহ হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের ভাষায় দেশটি এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে।