admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুন, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে ইরানের পাশে চীন। তেহরানের পক্ষ নিয়ে কথা বলেছে বেইজিং। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপ করা সমস্ত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেছে চীন। তাছাড়া ইরানের ওপর চাপ প্রয়োগের যে সর্বোচ্চ নীতি ওয়াশিংটন অনুসরণ করছে তার নিন্দাও জানিয়েছে বেইজিং। রাজধানী বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে যে বিতর্ক ও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আমেরিকা তার মূল কারণ বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলছে পঞ্চম ধাপের আলোচনা। আশা করা হচ্ছে, ইতিবাচক সমাধান বেরিয়ে আসতে পারে। এদিন সে সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবেই এসব কথা বলেন চীনের এই মুখপাত্র। পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সকল পক্ষ সহযোগিতা করবে বলে আগ্রহ ব্যক্ত করায় পরমাণু সমঝোতা বাস্তবায়নের আলোচনায় বর্তমানে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে এদিন জানিয়েছেন ওয়াং ওয়েনবিন।
বেশ কিছু ইস্যুতে এখনো মতানৈক্য থাকলেও আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষ নতুন একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, বর্তমান অবস্থায় চীন আশা করে যে, পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সব ধরনের মতানৈক্যের ঊর্ধ্বে উঠে বাকি অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে কাজ করবে আলোচনায় অংশ নেওয়া সকল পক্ষ।