admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২০ ৯:৫০ পূর্বাহ্ণ
আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ছাড়া দুই শান্তিরক্ষী আহত হয়েছেন। আহত দুই জনকে জাতিসংঘের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা শান্তিরক্ষীর বিশেষায়িত একটি দলের এক সদস্য।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, মধ্য আফ্রিকার কাগা বন্দর থেকে গতকাল একটি ওয়াটার বাউজার যাত্রা শুরু করে। আজ স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে ডেলে নামক এলাকায় ওয়াটার বাউজারটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে পার্শ্ববর্তী ২০ থেকে ২৫ ফুট গভীর একটি খাদে পড়ে যায়।
এ ঘটনায় ওই ওয়াটার বাউজারটির চালক ল্যান্স করপোরাল মো. আব্দুল্লাহ আল মামুন (৩৬) ঘটনাস্থলেই মারা যান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওই দুর্ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- সার্জেন্ট মো. আব্দুস সামাদ (৩৫) এবং সৈনিক মোকলেছুর রহমান (৩১)।
দেশটির রাজধানী বাঙ্গুইতে জাতিসংঘের লেভেল-২ হাসপাতালে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের উগান্ডায় পাঠানো হবে বলেও জানানো হয়েছে। আইএসপিআর আরো জানায়, দেশটিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা নিরাপদে আছেন।