ডাঃ নুরল হক, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
আমন ধানের মৌ মৌ গন্ধে ম ম করছে দিনাজপুরের বিরামপুরের বিস্তীর্ণ মাঠ। সকালের সোনালি রোদে দুলছে আধা-পাকা ধান। বাতাসে ভেসে আসছে পাকা ধানের মিষ্টি ঘ্রাণ। বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে এখন চওড়া হাসি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ সবুজ থেকে সোনালি রঙ ধারণ করতে শুরু করেছে। কোনো মাঠে ধান কাটার প্রস্তুতি চলছে, আবার কোনো মাঠে কৃষকরা ধানের শীষ হাতে নিয়ে ফলন দেখছেন।
বিরামপুরের দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের কৃষক আমিনুল বলেন, এবার বৃষ্টি সময় মত হওয়ায় সার ও কীটনাশকের দাম কিছুটা বেশি হলেও ফলন খুব ভালো হয়েছে। আধাপাকা ধানের গন্ধে মনডা ভরে যায়। এবার ধানের দাম ভালো পাইলে কষ্ট সার্থক হবে। তবে কারেন্ট পোকা ধানের কিছুটা ক্ষতি করছে। ৪ থেকে ৫ বার কীটনাশক স্প্রে করেও পোকা দমন করা যাচ্ছে না। ফলে জিরা কাটারি ১২ থেকে ১৪ মন এবং গুটি, স্বর্ণা ফাইভ ১৮ থেকে ২০ মন হলো আশা করা যায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বিরামপুরে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। ধান ৮০ ভাগ পাকলেই কাটার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে শিলাবৃষ্টি বা অকাল বৃষ্টিতে ক্ষতি না হয়। ধান কাটা শুরু হলে মাঠে মাঠে শুরু হবে নবান্নের উৎসব। এখন শুধু কৃষকের অপেক্ষা, সোনালি ফসল ঘরে তোলার।