admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২০ ৭:৩৬ অপরাহ্ণ
আগামীকাল থেকে বাংলাদেশ ও ভারতে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কোভিড-১৯ এর মহামারির কারণে বিগত সাত মাস ধরে দেশটিতে বন্ধ রয়েছে বিমানের ফ্লাইট। জানা গেছে, আগামীকাল রোববার থেকে ভারতের কলকাতায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ শনিবার বিমানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে ভারতের কলকাতায় বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। তবে ভারতে যাওয়ার পর যাত্রীদের নিজ খরচে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এ ছাড়া বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন, তাদেরও করোনা পরীক্ষা করে যেতে হবে। করোনা পরীক্ষা ও ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) খোঁজ নিতে বলা হয়েছে। উল্লেখ্য, চীন থেকে করোনা ভাইরাসের সংক্রমণ যখন বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে, তখন অন্যান্য দেশের মতো গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়।