মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও একটি চালানে বাংলাদেশে এসেছে প্রায় ৪ হাজার টন ডিজেল। ৭২-তম চালানে আসা এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে গ্রহণ করা হয়েছে। একটি সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি লিমিটেড (NRL) থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল পার্বতীপুরে পৌঁছেছে। পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম আজ ১৫ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, গত ১২ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে পাইপলাইনে ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় দেড় দিন পর ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে পুরো চালান গ্রহণের কার্যক্রম শেষ হয়। আমদানি করা এই জ্বালানি দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান — পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান হারে বিতরণ করা হয়ে থাকে। জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিল স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ১৫ বছরের মেয়াদে ভারত থেকে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালের ১৮ মার্চ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের পর থেকে এ পথে ভারত থেকে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭টন ডিজেল দেশে এসেছে। বাংলাদেশের ভূখণ্ডে নির্মিত ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬.৫৭ কিলোমিটার ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা অতিক্রম করে এটি নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর হয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনালে যুক্ত হয়েছে। মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট নিচ দিয়ে স্থাপন করা এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে সরাসরি পার্বতীপুরে ডিজেল সরবরাহ করা হচ্ছে।