admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ
স্কুল শিক্ষার্থীদের টিকার নিবন্ধন যেভাবে। আগামী সোমবার থেকে ঢাকা মহানগরের ১২-১৭ বছরের স্কুল শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেয়া হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়ার কথা। পর্যায়ক্রমে এই কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানা গেছে, স্কুল শিক্ষার্থীদের টিকাদানে শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক তথ্য সংগ্রহ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাউশি। এসব তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে টিকার তথ্য সুরক্ষা ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়।

ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জরুরিভিত্তিতে টিকার নিবন্ধন করতে বলা হয়েছে। নিবন্ধনের জন্য সুরক্ষা ওয়েবসাইটের নিবন্ধন (জন্ম সনদ) মেনুতে যেতে হবে প্রথমে। এরপর নির্ধারিত স্থানে জন্ম সনদ নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা কোড দিতে যাচাই করুন এ ক্লিক করতে হবে। পরের ফরমে ইংরেজিতে নাম ও মোবাইল নম্বর লিখতে হবে। বর্তমান ঠিকানা দেয়ার পর টিকা কেন্দ্র নির্বাচন করলেই চলবে।
এ ক্ষেত্রে ঢাকা উত্তরের শিক্ষার্থীদের ঠিকানা ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং টিকা কেন্দ্র ঢাকা স্কুল কেন্দ্র (উত্তর) হবে। ঢাকা দক্ষিণের ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও টিকা কেন্দ্র ঢাকা স্কুল কেন্দ্র (দক্ষিণ) লিখতে হবে। তথ্য দেয়া শেষ হলে মোবাইল নম্বরে এসএমএসে ওটিপি কোড আসবে, সেটি দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে মোবাইল নম্বরে টিকা গ্রহণের তারিখ ও টিকা কেন্দ্র জানানো হবে এসএমএসের মাধ্যমে।
সুরক্ষা ওয়েবসাইটের টিকা কার্ড মেনুতে গিয়ে জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ দিয়েও কার্ড সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। আগের তথ্য অনুযায়ী নিবন্ধন করা না গেলে নতুন করে তথ্য পাঠাতে বলেছে মাউশি। গত বৃহস্পতিবার এক নির্দেশনায় এ কথা বলা হয়। গত ১৪ অক্টোবর ঢাকার শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ১৯ অক্টোবরের মধ্যে পাঠানোর নির্দেশনা দিয়েছিল মাউশি। পরে ১৭ অক্টোবর ঢাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও একই নির্দেশনা দেয়া হয়।