admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন মার্চের মধ্যে টিকা পাবে ৮০ শতাংশ মানুষ। ভ্যাকসিনের এখন আর কোনো সংকট নেই- উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি জোর গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে ২০ থেকে ৩০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ৫০ শতাংশ এবং আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ৮০ শতাংশ মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার (৯ অক্টোবর) মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটুরিয়া উপজেলার ১৭৬টি দুর্গাপূজা মণ্ডপের কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই লক্ষ্যের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সনাতন ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৫০০ কেজি করে চালের ডিও লেটার তুলে দেন মন্ত্রী। জাহিদ মালেক বলেন, দূর্গাপূজায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনোভাবেই যেন অতিরঞ্জিত কিছু না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। শান্তিপূর্ণ একটি উৎসব যেন মহামারি ছড়িয়ে পড়ার কারণ হয়ে উঠতে না পারে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে নজরদারি অব্যাহত রাখবে।
ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন জোগাড় করতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছেন। এখন পর্যন্ত এই খাতে ২০ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। এরপরও প্রধানমন্ত্রী বলেছেন, যত টাকাই লাগুক, দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে হবে। ভ্যাকসিনের অভাবে যেন একটি মানুষেরও মৃত্যু না ঘটে, সেজন্য জোর চেষ্টা চালিয়েছেন তিনি।