admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২০ ৮:৩৭ অপরাহ্ণ
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন জানুয়ারির শুরুতেই আসছে করোনা ভ্যাকসিন। জানুয়ারির প্রথম দিকেই ভ্যাকসিনের প্রথম চালান পাবে বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার ভ্যাকসিন পেতে আগেই চুক্তি করে রেখেছে সরকার। রাজধানীর মহাখালীতে অবস্থিত বিসিপিএস মিলনায়তনে আজ বৃহস্পতিবার হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আশা করছি, আগামী মাসের প্রথম দিকেই ভ্যাকসিন পেয়ে যাব আমরা। ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনার ব্যবস্থা করেছি আমরা। বাংলাদেশ সরাসরি ৩ কোটি ডোজ ভ্যাকসিন আনছে।
জাহিদ মালেক বলেন, আমাদের জনসংখ্যার ২০ শতাংশ হারে টিকা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সেটা আসতে হয়তো কিছুটা সময় লাগবে। তবে আমরা টিকা পাব। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্বের অনেক দেশ আছে, যারা এখনো ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারেনি। তবে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছে। তিনি আরো জানান, সব মিলিয়ে প্রাপ্ত ভ্যাকসিন থেকে ক্রমান্বয়ে দেশের প্রায় ২৭ ভাগ মানুষের টিকা প্রাপ্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১২ ডিসেম্বর থেকে সারা দেশে ৯ মাস থেকে ১০ বছরের নিচে শিশুদের এক ডোজ এম আর টিকা (হাম রুবেলা) দেওয়া শুরু হবে। যা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। তবে করোনাভাইরাসের মহামারির কারণে এ বছর শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে না। এর পরিবর্তে কমিউনিটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকা দেওয়া হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, বিসিপিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বকস চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ভুপিন্দর কর ও ইউনিসেফের প্রতিনিধি তোমো হোজোমি।