admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে একদিনে সর্বোচ্চ ৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫শ জন ছাড়িয়েছে। শনিবার রাতে জেলায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ৪২ জন করোনায় আক্রান্ত শনাক্তসহ মোট করোনায় আক্রান্ত ৫২৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৪, ছাতকে ৩২, জামালগঞ্জ ১৮ জগন্নাথপুর উপজেলায় ১ জন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় ৪ জন, শাল্লা ১ ও বিশ^ম্ভরপুরে ২ রয়েছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শনিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে বিকেলে ঢাকা আইইডিসিআর ল্যাবে পাঠানো নমুনার আরও ৩১ রিপোর্ট পজিটিভ আসে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৫২৪ জন। তার মধ্যে সুনামগঞ্জ সদরে ১৪৪, ছাতক উপজেলায় ১৪৯, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩৫, বিশ^ম্ভরপুর উপজেলায় ১৮, দিরাই উপজেলায় ১১, শাল্লা উপজেলায় ১২,তাহিরপুর উপজেলায় ১৭, জামালগঞ্জ উপজেলায় ৪০, ধর্মপাশা উপজেলায় ১৮, দোয়ারাবাজার উপজেলায় ৪২, জগন্নাথপুর উপজেলায় ৩৭ জন করোনায় আক্রান্ত। আইসোলেশনে গেছেন ৫২৪ জন।
এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন। আর মৃত্যবরণ করেছেন ৪ জন। সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে একদিনে সর্বোচ্চ ৯২ জন করোনায় শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জে করোনার হটস্পট হয়ে গেছে। প্রতিদিনই আক্রান্ত সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। মানুষের সামাজিক দূরত্ব না মানা এবং জেলায় লকডাউন তুলে নেয়ার পরই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা না আসলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তিনি আরও জানান, নতুন আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।