admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক তলিয়ে গেছে,যোগাযোগ বিচ্ছিন্ন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ-তাহিরপুর আঞ্চলিক সড়কের দুর্গাপুর ও আনোয়ারপুরে পানি উঠেছে। এতে করে সড়ক পথে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার দুপুর পর্যন্ত জাদুকাটা নদীর পানি বিপদসীমার ২ দশমিক ০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার যাদুকাটা,পাটলাই, বৌলাই, রক্তিসহ সবকটি নদী দিয়ে ঢলের পানি প্রবল বেগে নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এতে করে উপজেলার সবকটি হাওরের পানি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এতে করে উপজেলায় অভ্যন্তরীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। উপজেলা থেকে জেলা শহরে যেতে সড়কে পানি থাকায় মানুষ নৌকা দিয়ে পারাপার হচ্ছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সীমান্ত এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ভারতের চেরাপুঞ্জিতে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাহিরপুর উপজেলা সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান রনি জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা হতে পারে। সরকারের তরফ থেকে পর্যাপ্ত খাদ্য সহায়তা মজুদ রয়েছে।