admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
সিলেটে নগরীর অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ অভিযানকে হামলার মুখে মেয়র, সংঘর্ষে আহত ১৫। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পরিবহন শ্রমিকদের হামলার মুখে পড়েন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র ও কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় কাউন্সিলর-পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযানে গেলে ত্রিমুখী এ সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সিসিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই চৌহাট্টা-দরগাহ এলাকার ফুটপাত ও সড়কের অনেকটা জায়গা দখল করে সেখানে মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। সড়কের মেরামত কাজ করার জন্য শনিবার মেয়রের নেতৃত্বে এই অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করতে যাওয়া হয়। তখন বাধা দেয় পরিবহন শ্রমিকরা। এ সময় তিনদিনের সময় বেঁধে দেয়া হয়। কিন্তু তারা তা মানেননি।
তাই বুধবার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরী কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে দেখতে পান পরিবহন শ্রমিকরা তখনও সড়ক ও ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করে রেখেছেন। এ সময় আলাপচারিতার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ বলেন, আলাপচারিতার এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা আচমকা হামলা চালায়। তাৎক্ষণিক কাউন্সিলরসহ অন্তত ৮ জন আহত হন। হামলার একপর্যায়ে বন্দুক নিয়ে একজন মেয়রের দিকে তেড়ে আসলে পুলিশ সঙ্গে সঙ্গেই তাকে আটক করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।