admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৪ মামলা হলেও অস্ত্রধারী সেই যুবলীগ কর্মীর নাম নেই। আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় বিএনপির স্থানীয় শীর্ষ বেশ কয়েকজন নেতাসহ ৭ শতাধিক আসামি করা হয়েছে। অথচ এর মধ্যে চিহ্নিত অস্ত্রধারী সেই যুবলীগ কর্মীর নামই যুক্ত করা হয়নি। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া ৪টি মামলার তদন্ত চলছে।
এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হলেও সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। গণমাধ্যমে প্রকাশিত অস্ত্র হাতে যুবলীগ কর্মীর একাধিক ছবি প্রকাশ পেলেও কেন তাকে মামলায় আসামি করা হয়নি, ওসির কাছে তা জানতে চাওয়া হয়। এ বিষয়ে তিনি বলছেন, তদন্তকালে ছবিগুলো দেখে আরো কারো জড়িত থাকার প্রমাণ পেলে অবশ্যই তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
মামলার বিষয়ে থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, ৪ মামলার মধ্যে তিনটির বাদী পুলিশ, বাকিটি করেছেন উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তি। এসব মামলায় আসামির তালিকায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি আজিজুর রহমান, নাজমুল হাসানসহ কয়েকজন শীর্ষ নেতার নাম রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ ডেকেছিল বিএনপি।তাতে মিছিল নিয়ে আসার পথে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৭০ জন আহত হয়।