admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ১২:১৯ পূর্বাহ্ণ
স্কুলে ভর্তির অনলাইন আবেদনের তারিখ ঘোষণা। সারাদেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে আগামী শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর আবেদন শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। করোনা পরিস্থিতির কারণে সরকারি স্কুলের পাশাপাশি এবার বেসরকারি স্কুলেও কেন্দ্রীয়ভাবে লটারির আয়োজন করা হবে বলে জানা গেছে।জানা গেছে,আজ বৃহস্পতিবার, ১১ নভেম্বর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এক সভায় প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয়, টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ভর্তি ফি, লটারি ও ফল প্রকাশ করা হবে।
আবেদন কার্যক্রম চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। সরকারি স্কুলে ভর্তির লটারির আয়োজন করা হবে আগামী ১৫ ডিসেম্বর। অপরদিকে, বেসরকারি স্কুলের লটারি হবে আগামী ১৯ ডিসেম্বর।
আগামী ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের বেসরকারি স্কুলে ভর্তি করানো হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অধিদপ্তরের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের পাঠানোর পর ভর্তির নীতিমালা প্রকাশ করা হবে।