admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স: ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ হয়েছেন তিন নারীসহ চারজন। তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় শেখা হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম (৪৫), জোবেদা বেগম (৪০), রেজিয়া বেগম (৩০) ও আলেয়া নূর (৩৫)। তারা সবাই স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিক।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, গতকাল রাতে পোশাক শ্রমিক জোবেদা রান্নার সময় চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় তিনি ও তার আশপাশে থাকা দুই নারী এবং এক পুরুষসহ চারজন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। চারজনের মধ্যে নজরুল নামে এক ব্যক্তির শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। তবে বাকীরা সামান্য দগ্ধ।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিলো। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা বেড়ে যায়।