admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ডের সংলগ্ন পাকিজা সামনে আহাদ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাস আরোহী মেহেদী হাসান পারভেজ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও দুইজন গুরুতর আহত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৭ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজা টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ ‘ওয়াইপি আশুলিয়া’ নামক একটি ক্যাপ তৈরি প্রতিষ্ঠানে অ্যাডমিন অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি সাভারের রাজাশনের স্থায়ী বাসিন্দা। তবে তার জন্মস্থান পাবনার সাথিয়া থানার আত্রাই শুকা গ্রামে বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ওই মাইক্রোবাসটি সড়কে উল্টোপথ দিয়ে ফুলবাড়িয়া থেকে নবীনগরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সাভারের থানা স্ট্যান্ড সংলগ্ন পাকিজা গার্মেন্টসের সামনে পৌঁছলে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি ডানপাশের আইল্যান্ড ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই মেহেদী হাসান পারভেজ নিহত হন। এছাড়া আরও দুইজন আহত হন।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন থেকে নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।