admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মে, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ
শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি বছরের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটা বলা হয়েছে। এতে বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, নেত্রকোনা ও পটুয়াখালী অঞ্চল এবং সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো স্থানে সেটা প্রশমিত হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, আজ রোববার আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়, যা চলতি বছর প্রথম কোনো শক্তিশালী ঝড়। এ সময় ঝড়ের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি থাকতে পারে।