admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ
রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি প্রতি সিলিন্ডার এখন ১৩১৩ টাকা! নিত্যপণ্যের ঊর্ধ্বগতি চলছে অনেকদিন ধরেই। তারওপর দুদিন আগে বেড়েছে জ্বালানি তেলের দাম। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছে সবকিছুর ওপর। মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো এবার বাড়ল এলপিজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দামও। তাতে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৫৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৩১৩ টাকা। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) এলপিজির মূল্যবৃদ্ধির এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গ্রাহক পর্যায়ে কেজিতে ৪ টাকা বাড়িয়ে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মাত্র তিন সপ্তাহ আগে গত ১০ অক্টোবর এলপিজির দাম বাড়িয়েছিল সরকার। দাম বৃদ্ধি করার কারণ হিসেবে যথারীতি আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। এর আগে গত অক্টোবরে এবং তারও আগে আগস্টে এলপিজির দাম বাড়াতে গিয়ে তারা একই কথা বলেছিল।
জানা যায়, ব্যবসায়ীরা সাধারণত সরকারের বেঁধে দেওয়া দামে সিলিন্ডার বিক্রি করেন না। খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়েও দেড় থেকে ২০০ টাকা বেশি দিয়ে কিনতে হয় ক্রেতাদের। এর ফলে এলপিজি ব্যবহারে হিসাবের চেয়েও বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।