admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম, স্টাফ রিপোর্টঃ রাত পোহালেই আরেকটি স্বপ্নপূরণের হাতছানি। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের ধারাবাহিকতায় এবার মেট্রোরেল যুগে বাংলাদেশ। এখন অপেক্ষা, কখন সবুজ পতাকা নেড়ে যাত্রা শুরুর সংকেত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে উত্তরা উত্তর স্টেশনে হবে এই আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রীই হবেন এ বৈদ্যুতিক ট্রেনের প্রথম যাত্রী। আর এর মধ্যে দিয়ে উড়ালপথে দ্রুতগতির বৈদ্যুতিক এই ট্রেনে রাজধানীবাসী পাবেন আধুনিক যোগাযোগ সুবিধা।
আগামীকাল উত্তরা থেকে আগাঁরগাও পর্যন্ত অংশের মেট্রোরেল চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সুধী সমাবেশ হবে উত্তরার ১৫ নম্বর সেক্টরে। সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সুধী সমাবেশে বক্তব্য শেষে উত্তরা উত্তর স্টেশন পরিদর্শন করবেন তিনি। এদিকে উদ্বোধন উপলক্ষে দিয়াবাড়ী থেকে আগারগাঁও পুরো প্রকল্প এলাকাতেই বিরাজ করছে সাজসাজ রব। নানা ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে সড়ক বিভাজক ও স্টেশনগুলোর নিচের অংশ। ধোয়া মোছার কাজও সম্পন্ন হয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধন করার পরদিন বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রী চলাচলের জন্য মেট্রোরেল খুলে দেয়া হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে ছুটবে এটি। এমআরটি-৬ লাইনের জন্য ২৪ সেট ট্রেন কেনা হচ্ছে জাপান থেকে। এরই মধ্যে ১৯টি ট্রেন এসেছে। ১৯ ধরনের পরীক্ষা চলছে সেগুলোর। পারফরম্যান্স টেস্ট, ট্রায়াল রান ও ইন্টিগ্রেটেড টেস্ট শেষ হওয়া ১০টি ট্রেন চলবে দিয়াবাড়ী-আগারগাঁও অংশে। আর দুটি রিজার্ভ রাখার পরিকল্পনা রয়েছে। তবে শুরুতে পাঁচটি ট্রেন চলবে।
এ প্রকল্পের সরকারের অনুমোদন পায় ২০১২ সালে। ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয় ধরে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হয়েছিল। পরে তা ধাপে ধাপে বেড়ে হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। মেট্রোরেলের সুবিধা পাবেন ৫০ লাখ মানুষ।