admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরোঃ রংপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ কর্তৃক দুদিন ব্যাপী আয়োজিত কৃষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার (২১ জুন) অনুষ্ঠিত হয়েছে। বিএমডিএ, রংপুর রিজিয়ন এর উদ্যোগে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলার সেচ সম্প্রসারণ (ইআইআরপি) প্রকল্পের আওতায় নিজস্ব মিলনায়তনে আয়োজিত দু’দিন ব্যাপী এ কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
বিএমডিএর নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ এতে সভাপতিত্ব করেন। এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বিএমডিএ খাস খাল, খাড়ী, বিল ও পুকুর পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলের সেচ কার্যক্রমের যে সূচনা করেছে, তাতে কৃষকরা সুফল পাচ্ছেন। তিনি বলেন, কৃষিতে আধুনিকায়নের ফলে যান্ত্রিকীকরণ বেড়েছে। এর ফলে জাতির পিতার সোনার বাংলা বিনির্মানে দেশ এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী এ করোনা মহামারীতেও কৃষি ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ অব্যাহত রেখেছেন। বিএমডিএ’র এ কার্যক্রমের ফলে অনেক সরকারী জমি পুনরুদ্ধারসহ সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালায় বিএমডিএর নির্বাহী প্রকৌশলী জানান, এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে প্রায় ২৫ কিলোমিটার খাস খাল, খাড়ি, ১০টি পুকুর ও ২টি বিল খনন সম্পন্ন হয়েছে। এর ফলে এ অঞ্চলের কৃষি খাত এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। প্রশিক্ষণে রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা ও সদর উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। সহকারী প্রকৌশলী জামিনুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।