admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২০ ৯:২০ পূর্বাহ্ণ
রংপুরে উন্মোচন করা হয়েছে বেগম রোকেয়ার ভাস্কর্য উন্মোচিত। চলমান বিতর্কের মধ্যেই নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত মহীয়সী বেগম রোকেয়ার একটি ভাস্কর্য তার জন্ম ও মৃত্যুদিন আজ বুধবার নগরীর শালবন ইন্দ্রার মোড়ে আলোকবর্তিকা ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়। এটির ভাস্কর অনীক রেজা জানান, সিটি কর্পোরেশন বলায় ছোটো পরিসরে ভাস্কর্যটি উন্মুক্ত করেন তিনি। এ সময় বেগম রোকেয়া কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং স্থানীয় কয়েকজন কবি, লেখক ও সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আতিক উল আলম কল্লোল জানান, রংপুর সিটির সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ভাস্কর্যটির নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন। ধীরগতিতে নির্মাণ কাজ শুরু হলেও বছর তিনেক ধরে তা বন্ধ ছিল। সম্প্রতি এটির নির্মাণ কাজ শেষ করা হয়।
১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভাস্কর্যের মাটি থেকে উচ্চতা ২০ ফুট। এর মধ্যে বেগম রোকেয়ার প্রতিকৃতি ১২ ফুট লম্বা। বেদির চারদিকে রয়েছে ৫০ বর্গফুট। ভাস্কর্যের গায়ে রোকেয়ার জন্ম ও মৃত্যু সাল ছাড়াও তার লেখা উল্লেখযোগ্য কিছু বই ও বাণী রয়েছে। জানা যায়, বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতার সোদপুরে ১৯৩২ সালের একই দিনে মারা যান তিনি।