admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুন, ২০২১ ২:৪৭ অপরাহ্ণ
রংপুর পুলিশ বলছে শিগগিরই আলোচিত ধর্মীয় বক্তা ত্ব-হা রহস্যের জট খুলবে। প্রায় এক সপ্তাহ হতে চললো, দেশের আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ রয়েছেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টার পরও পুলিশ মামলা গ্রহণ করতে রাজি হয়নি। তবে আদনানের মা আজেদা বেগমের করা একটি জিডি গ্রহণ করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা। জিডির আলোকে ইতোমধ্যেই অনুসন্ধানে নেমেছে পুলিশ। রংপুর মেট্রোপলিন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ঘটনাটি কোথায় ঘটেছে, তা নিশ্চিত করে না বলতে পারায় মামলা নেয়নি পুলিশ।
তবে আদনানের বাড়ি যেহেতু রংপুরে, তাই তার মা এখানে একটি জিডি করেছেন। আমরাও ইতোমধ্যেই অনুসন্ধান শুরু করেছি।আবু মারুফ হোসেন আরও বলেন, ত্ব-হার নিখোঁজ হওয়ার রহস্য উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। পুলিশের বিশেষ একটি গোয়েন্দা দলকে এর দায়িত্ব দেয়া হয়েছে। আশাকরি, শিগগিরই আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হওয়ার রহস্য জানা যাবে।
আদনানের স্ত্রী সাবিকুন্নাহার জানান, গত ১০ জুন দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তার স্বামী। ওইদিন রাত ২টা ৩৭ মিনিটে তা সঙ্গে সর্বশেষ কথা হয়, তখন গাবতলী অবস্থান করছিলেন। ৩টা থেকে আবু ত্বহা আদনানের ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের সময় গাড়িচালকসহ তিন সহকর্মী ছিলেন তার সঙ্গে। তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।