admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১ ১০:৫৯ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের মিশিগানের স্কুলে গুলিতে তিন শিক্ষার্থী নিহত। মিশিগানের গ্রামীণ অক্সফোর্ডের একটি উচ্চ বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার এক কিশোর বন্দুকধারীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত এবং একজন শিক্ষকসহ ছয়জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফক্স নিউজ। ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, অক্সফোর্ড হাই স্কুলে গুলি চালানোর পর ১৫ বছর বয়সী এক ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে একটি হ্যান্ডগান জব্দ করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, অভিযুক্তকে গ্রেপ্তারের সময় সে কোনো বাধা দেয়নি। সে কেবল একজন আইনজীবী চেয়েছে। তার এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কেও সে কেনো কিছু জানায়নি। এটিকে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি আখ্যা দিয়ে আন্ডার শেরিফ মাইকেল ম্যাককেব বলেন, অনেক অভিভাবক এখন পর্যন্ত বিপর্যস্ত অবস্থায় আছেন।
জানা গেছে, ডেট্রয়েট থেকে প্রায় ৪০ মাইল উত্তরে একটি ছোট শহর অক্সফোর্ডে গুলি চালানো হয়েছিল। একাধিক ম্যাগজিন নিয়ে হামলা চালানো ওই কিশোর তার আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান থেকে প্রায় পাঁচ মিনিটে ১৫-২০টি গুলি চালায়। দুপুরে এ ঘটনার পর পুলিশের জরুরি নম্বরে শতাধিক ফোন আসে। পরে পুলিশ পাঁচ মিনিটের মধ্যে গিয়ে অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেয়।