admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২১ ৮:১৬ পূর্বাহ্ণ
মেহেরপুর জেলায় অনটেস্ট বাইক চলতে পারবে না। সারাদেশে ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ, ইউপি, নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে লাইসেন্সবিহীন বা অনটেস্ট মোটরসাইকেল আটক অভিযানে নেমেছে মেহেরপুর জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত লাইসেন্সবিহীন বা অনটেস্ট মোটরসাইকেল চালানো যাবে না। স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার, ৬ নভেম্বর, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার উপজেলাগুলোতে এই অভিযান চালানো হয়।
অভিযানের প্রথম দিন শনিবার জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৫৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় গাংনী থানা পুলিশ ২৫টি, সদর থানা পুলিশ ১৯টি এবং মুজিবনগর থানা পুলিশ ১৪টি অনটেস্ট মোটরসাইকেল জব্দ করে। অভিযানে সদর থানা পুলিশ দুটি এবং মুজিবনগর থানা পুলিশ মোটরযান আইনে একটি মামলা দায়ের করেছে।
অভিযান চলাকালে পুলিশ সুপার রাফিউল আলমের নেতৃত্বে সদর থানায় ওসি শাহ দারা খান, মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম, গাংনী থানায় ওসি বজলুর রহমান এবং টাউন ফাঁড়ি পুলিশসহ পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেয়। জেলাব্যাপী অভিযানের তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার রাফিউল আলম। তিনি বলেন, মেহেরপুর জেলায় নির্বাচনের আগ পর্যন্ত একটিও অনটেস্ট গাড়ি চলতে দেওয়া হবে না। সেটা নিশ্চিতে নিয়মিত অভিযান চালানো হবে।