admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ
মুরাদ হাসানকে শাস্তি দিতে ৯৯৯ এ ফোন। সম্প্রতি পদত্যাগে বাধ্য হওয়া বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ধানমন্ডি থানায় জিডি করেছেন তার স্ত্রী ডাঃ জাহানারা এহসান। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া বলেছেন, বিকেলে জরুরি নাম্বার ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন মিজ এহসান। পরে জিডি করেছেন যেখানে ডমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ এনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে, বলছিলেন তিনি।
পুলিশ বলছে ৯৯৯ এ কল পাওয়ার পর পুলিশ সদস্যরা সাবেক প্রতিমন্ত্রীর ধানমণ্ডির বাসায় যান – তবে তিনি ওই সময় বাসায় ছিলেন না। সম্প্রতি ঢাকার এক অভিনেত্রীর সাথে টেলিফোন কথোপকথন ফাঁস হওয়ার পর মন্ত্রীসভা থেকে পদত্যাগে বাধ্য হন মি. হাসান। তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়েকে নিয়ে এক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
এসব ঘটনার পর জের ধরে পদত্যাগের পর দেশ ছেড়ে কানাডায় গেলেও সেদেশে ঢুকতে না পেরে তিনি দেশে ফিরে আসতে বাধ্য হন। তবে এরপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যেসব কমিটিতে তিনি ছিলেন – সেগুলো থেকেও ইতোমধ্যে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার বিকেলে তার স্ত্রীর ৯৯৯ এ ফোন করে অভিযোগ করার পর তিনি আবার আলোচনায় আসেন। জিডিতে যা বলেছেন মুরাদের স্ত্রী ডা.জাহানারা এহসান জিডিতে বলেছেন যে তাদের ১৯ বছরের বিবাহিত জীবনে তাদের ১৬ ও ১১ বছর বয়সের দুটি সন্তান আছে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কারণে-অকারণে তাকে ও তার সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন তার স্বামী। আজ বেলা ২টা ৪৫ মিনিটের দিকে মুরাদ তাকে ও সন্তানদের গালিগালাজ ও মারধরে উদ্যত হলে তিনি ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশের সহযোগিতা চান।
ধানমন্ডি থানা থেকে পুলিশ বাসায় পৌঁছালে মুরাদের বাসা থেকে বের হয়ে যান বলে জিডিতে উল্লেখ করা হয়। জাহানারা এহসান জিডিতে বলেন, আমি এমতাবস্থায় নিরাপত্তাহীনতায় আছি। বিবাদী আমাকে ও আমার সন্তানদের যে কোন সময়ে ক্ষতিসাধন করতে পারে। তবে মুরাদের ফোন বন্ধ থাকায় এসব বিষয়ে তার কোন বক্তব্য নেয়া যায়নি।