admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রুটিন তৈরির ১১ নির্দেশনা জারি করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান কার্যক্রম শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে কার্যক্রম নিশ্চিত করতে পারে সেজন্য ১১ দফা নির্দেশনা মেনে রুটিন তৈরি করতে বলা হয়েছে। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রুটিন তৈরির এ নির্দেশনা জারি করেছে।
নির্দিষ্ট শ্রেণিতে প্রতিদিন দুটি করে ক্লাস ধরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের রুটিন তৈরি করবে। নির্দেশনা অনুসারে ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ৬ দিন ক্লাস করবে। তবে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাস করবে।
রুটিন তৈরির ১১ নির্দেশনাঃ
১. প্রতিদিন শিক্ষা প্রাতষ্ঠানে আসবে ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা।
২. প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ক্লাস করতে হবে।
৩. নির্দিষ্ট শ্রেণিতে সপ্তাহে প্রতিদিন ২টি করে ক্লাস ধরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের রুটিন প্রণয়ন করবে। ৪. রুটিনের সঙ্গে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ক্লাস নির্ধারণ করা যেতে পারে।
৫. প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর যেসব প্রতিষ্ঠানে সংযুক্ত রয়েছে সেসব প্রতিষ্ঠান ওই সব স্তরের জন্য নির্ধারিত ক্লাসগুলো সমন্বয় করে তাদের রুটিন তৈরি করবে।
৬. চলমান ডিগ্রি, সম্মান ও মাস্টার্স পরীক্ষার সঙ্গে সমন্বয় সাপেক্ষে ২০২১ ও ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রুটিন প্রণয়ন করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
৭. শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ, প্রস্থান এবং অবস্থানের সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের মতো ঘটনা যাতে না ঘটে, রুটিন প্রণয়নের ক্ষেত্রে সে বিষয়টি লক্ষ রাখতে হবে।
৮. এমনভাবে রুটিন প্রণয়ন করতে হবে— যাতে ভিন্ন ভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন সময়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং প্রতিষ্ঠান থেকে বের হয়ে যেতে পারে।
৯. শিক্ষা প্রতিষ্ঠানের এসেম্বলি আপাতত বন্ধ থাকবে। ১০. নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী প্রতিদিন তথ্য পাঠাতে হবে। ১১. ক্লাস রুটিন তৈরির ক্ষেত্রে উল্লিখিত বিষয়গুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনুসরণ করতে হবে।