admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২১ ১০:২০ পূর্বাহ্ণ
মাদারীপুর জেলার শিবচরে ট্রাক উল্টে নিহত ৬জন। মাদারীপুরের শিবচরে ট্রাক উল্টে রাস্তার পাশে থাকা খাদে পড়ে গেছে। গতকাল শনিবার রাত ৯টার এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। প্রথমে ঘটনাস্থলেই মারা যান দুজন। তারপর স্থানীয় হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গেই মারা গেছেন আরও দুজন। কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর আরও দুজন মারা গেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে। বরিশালের ভোলার লালমোহন থেকে ট্রাকটি যাত্রীবোঝাই করে বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। প্রচণ্ড গতি থাকায় আড়িয়াল খাঁ সেতুর টোলের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কের রেলিং ভেঙে উল্টে গিয়ে পাশের খাদে পড়ে।
টোল প্লাজার কর্মী মো. আনিস বলেন, ট্রাকটি কোনোপ্রকার নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। আমাদের টোল প্লাজার দায়িত্বে থাকা কর্মীদের ওপর দিয়ে চলে যায়। এতে ৩ শ্রমিক চাপা পড়ে। একটু দূরে গিয়েই রাস্তার রেলিং ভেঙে নিচে পড়ে যায়। বেপরোয়াভাবে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আড়িয়াল খাঁ টোলে কর্মরত শ্রমিক নির্মল, সোহান, পুলক। অন্যরা হলেন- ট্রাকে থাকা শ্রমিক চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের মো. আরিফ, ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ গ্রামের মো. মিরাজ এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের হান্নান গাজী।