admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ
সনত চক্রবর্ত্তী, মাগুরা থেকেঃ মাগুরার মহম্মদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১০ জুলাই) ঈদুল আজহার নামাজের পর উপজেলায় জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সুত্র জানা যায়,উপজেলার জয়রামপুর গ্রামের ঈদগাহর সাজসজ্জাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে লাকি খাতুন, মঞ্জুরা, আশরাফ খান, শিহাব খান, রুনা খাতুন, ফজর আলী, অঞ্জনাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়া আরো বলেন,মেম্বার ফরহাদ হোসেনের সঙ্গে স্থানীয় নাসির খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার ঈদুল আজহার নামাজ শেষে সবাই যে যার মতো বাড়ি ফিরে যান। নাসির খান ঈদগাহর সাজসজ্জার বিষয়ে কিছু ত্রুটি তুলে ধরে আগামীতে তা সমাধানের পরামর্শ দিলে ওয়ার্ড মেম্বার ফরহাদ তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি উভয় সমর্থকদের মধ্যে জানাজানি হলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনা শোনা মাত্র দ্রুত মোহাম্মদপুর থানার পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনোপক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি।