admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
ভারতেও এবার হানা দিয়েছে করোনার সবশেষ ভয়ংকর ভ্যরিয়েন্ট ওমিক্রন। দেশটির কর্নাটক রাজ্যে দুজনের শরীরে এটি শনাক্ত হওয়ার কথা জানানো হয় আজ বৃহস্পতিবার। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। কর্নাটকে ওমিক্রন আক্রান্তদের একজন ৬৬ বছর বয়সী পুরুষ, অপরজন ৪৬ বছর বয়সের নারী। তবে তাদের নাম-পরিচয় এবং বিদেশফেরত কিনা, এসব বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি খবরে।
এর আগে সবচেয়ে ভয়ংকর ডেল্টা ভ্যরিয়েন্টে বিপর্যস্ত হয়েছে ভারত, যেটি প্রথম শনাক্ত হয় দেশটিতেই। গত ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন প্রথম শনাক্ত হয়, যাকে B.1.1.529 নামে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। এটি অন্তত ৩০টির মতো দেশে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ডেল্টার চেয়েও ভয়ংকর এই ভ্যরিয়েন্টের সংক্রমণ ঠেকাতে উঠেপড়ে লেগেছে গোটা বিশ্ব। একের পর এক দেশে ‘ওমিক্রনের’ উপস্থিতির খবর আসায় বিশ্বজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারিসহ নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
বাংলাদেশেও এই ভ্যরিয়েন্টের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। তবে গত কয়েকদিনের মতো আজও সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে ওমিক্রন শনাক্তের খবর এসেছে। এরপর প্রতিবেশী ভারতেও এটির হানা দেয়ার বিষয়টি সামনে এলো। ফলে এ খবর নতুন করে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এটা বাংলাদেশের জন্য ভয়াবহ সমস্যা যেহেতু চারিদিক দিয়ে ভারত ঘিরে রেখেছে বাংলাদেশকে।