admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫১ পূর্বাহ্ণ
ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে- এমন পাঁচ থেকে সাত শ অবৈধ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন। খুব শিগগির তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি দেশে যাওয়ার টাকা যদি তাদের কাছে না থাকে, তাহলে প্রয়োজনে বাংলাদেশ সরকারের খরচে তাদের ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, বর্তমানে বাংলাদেশে পাঁচ থেকে সাত শ’র বেশি অবৈধ বিদেশি নাগরিক আছেন। অর্থাৎ তাদের পাসপোর্টের মেয়াদ ও ভিসা নেই। মেয়াদোত্তীর্ণ অবস্থায় তারা এদেশে অবস্থান করছেন।
তিনি আরো বলেন, অবৈধ এই বিদেশি চক্রটি বাংলাদেশে অবস্থান করে টাকা পাচারসহ অন্যান্য নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। সেটা মাঝে-মধ্যেই গণমাধ্যম সূত্রে জাতি জানতে পারছে। এ সব অবৈধ বিদেশি বিক্ষিপ্তভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান করে। তাদের স্থায়ী কোনো ঠিকানা নেই। বৈঠকের সিদ্ধান্তের বরাত দিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি বলেন, এসব অবৈধ বিদেশি নাগরিকদের পরিপূর্ণ তালিকা পুলিশ বিভাগের হাতে আছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, তাদের সবাইকে ক্যাম্পে এনে রাখা হবে। এর পর তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এমনকি তাদের দেশের যাওয়ার জন্য যদি টিকেট কাটার সামর্থ্য না থাকে- তাহলে সরকারি খরচে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।