admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১:৩৯ অপরাহ্ণ
ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দিল্লির সহিংসতায় নিহত বেড়ে ৩৪ ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দেশটির রাজধানী নয়া দিল্লিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফরে আসেন তখন বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ শুরু হয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অশান্ত এলাকা ঘুরে দেখবেন বলে জানানো হয়েছে। গতকালই তিনি সেনা মোতায়েন করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। ভারতীয় গণমাধ্যম বলছে, বুধবার রাতের পর থেকে আর নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেনি। হিন্দুস্তান টাইমস বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর মামলা হয়েছে ১৮টি।
এদিকে, সাম্প্রতিককালের মধ্যে ভয়াবহ ওই সহিংসতায় নিহতদের পরিবারকে দুই লাখ টাকা সরকারি ক্ষতিপূরণ ও আহতদের ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, দিল্লির যে এলাকাগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়েছে সেসব এলাকার বিধায়কদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে সচেষ্ট হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাইরে থেকে কেউ যেন দিল্লিতে প্রবেশ করে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন কেজরিওয়াল। এ ছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার টুইট করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, সংশ্লিষ্টদের সঙ্গে বুধবার দিবাগত রাতে বৈঠক করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।