admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২১ ৯:২১ পূর্বাহ্ণ
বিশ্বের সবচেয়ে ধনী দেশ চীন, যুক্তরাষ্ট্র দুই নম্বরে। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। তবে শুধু চীনই নয়, গত দুই দশকে ধনসম্পদ বেড়েছে পুরো পৃথিবীতেই। পরিমাণটা প্রায় তিনগুণ। জুরিখের ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত এক রিপোর্টে এসব তথ্য জানা গেছে। বিশ্বের ৬০ শতাংশের বেশি আয়ের প্রতিনিধিত্ব করা দশটি দেশের জাতীয় ব্যালেন্সশিট পরীক্ষা করে রিপোর্টটি তৈরি করা হয়।
ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউটের সহযোগী জ্যান ম্যাককিনসে বলেন, আমরা এখন আরো ধনী, যা আগে কখনো ছিলাম না। ২০০০ সালে পুরো দুনিয়ার মোট আর্থিক সম্পদ ছিল ১৫৬ ট্রিলিয়ন (১৫৬ লক্ষ কোটি) ডলার। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫১৪ ট্রিলিয়ান ডলারে। গত দুই দশকে চীনের উত্থান ছিল দেখার মতো। ২০০০ সালে চীনের মোট আর্থিক সম্পদের পরিমাণ ছিল ৭ লক্ষ কোটি ডলার।
২০ বছরে তা বেড়ে হয়েছে ১২০ লক্ষ কোটি ডলার। একই সময়ে আমেরিকারও ধনসম্পদ বেড়েছে প্রায় দ্বিগুণ। আমেরিকার এখন মোট আর্থিক সম্পদের পরিমাণ ৯০ ট্রিলিয়ন (৯০ লক্ষ কোটি) ডলার। ফলে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে।
ম্যাককিনসের রিপোর্টে আরো বলা হয়, আমেরিকা ও চীন দুই দেশেই মোট সম্পদের দুই-তৃতীয়াংশ রয়েছে ১০ শতাংশ পরিবারের হাতে। পরিবারগুলোর সম্পত্তি দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে দুনিয়ার সবচেয়ে বেশি অর্থ রয়েছে রিয়েল এস্টেট বা আবাসন শিল্পে। রিপোর্ট অনুযায়ী, মোট সম্পদের ৬৮ শতাংশ সঞ্চিত রয়েছে এ ব্যবসাতেই।