admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরে খোলার পরিকল্পনা সরকারের। একদিকে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চাপও বাড়ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়ে তবেই খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান। সে অনুযায়ী, শিক্ষার্থীদের টিকা দিয়ে সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা করছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এই তথ্য জানা গেছে। ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র বলেন, এখন আর দেশে টিকার সংকট নেই।
তাই দ্রুততার সাথে শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শেষে সেপ্টেম্বর নাগাদ বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। আমরা মনে করি, কর্তৃপক্ষ চেষ্টা করলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ডাটা তৈরির কাজ শুরু করে দিয়েছে। আশাকরি, পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করতে পারবো। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
ইতোমধ্যে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থী এবং আবাসিক হল ও হোস্টেলে থাকা শিক্ষার্থীরা টিকা নিতে শুরু করেছেন। এরপরেই দেওয়া হবে স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের। এরপর পর্যায়ক্রমে সবাই পাবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্ট মাসের মধ্যেই সব শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন করার টার্গেট নেওয়া হয়েছে। তারপর সার্বিক প্রস্তুতির জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটা কাজে লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।