admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১ ৯:৪৪ পূর্বাহ্ণ
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৩ শতাংশ কমে ৮০ ডলারের নিচে কমল। বিশ্ব বাজারে জ্বালানি তেল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৩ শতাংশ কমে ৮০ ডলারের নিচে নেমেছে গত শুক্রবার। জানুয়ারি থেকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২.৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৮.৮৯ ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ফলে গেলো বছরের মার্চের পর টানা চতুর্থ সপ্তাহে তেলের দাম কমার ঘটনা এটিই প্রথম। ডিসেম্বর থেকে অপরিশোধিত তেলের দাম ৩.৬ শতাংশ কমিয়েছে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, ডব্লিউটিআই। ফলে ডিসেম্বরের শেষে ৭৬.১০ ডলারে দাঁড়াবে প্রতি ব্যারেল তেলের দাম।
জানুয়ারিতে তা ৩.৪ শতাংশ কমে ৭৫.৭৮ ডলারে নামবে। করোনা মহামারির ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করার পর অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পায় চলতি বছর। পরিস্থিতি সামাল দিতে ধীরে ধীরে উৎপাদন বাড়াতে শুরু করে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন, ওপেক এবং মিত্ররা ও ওপেক প্লাস। তেলের দাম স্থিতিশীল রাখতে মার্কিন অনুরোধে কৌশলগত পেট্রোলিয়াম মজুদ, এসপিআর থেকে তেল রপ্তানির বিষয়টি খতিয়ে দেখছে বড় অর্থনীতির কয়েকটি দেশ।
দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার কয়েক দিন পরে গত শুক্রবার ওপেককে বৈশ্বিক সরবরাহ বজায় রাখতে ফের চাপ দিয়েছে হোয়াইট হাউস। বৈশ্বিক তেলের বাজার এখনো ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে ওএএনডিএ-র বাজার বিশ্লেষক ক্রেইগ এরলাম বলছেন, এখনো করোনাকালীন লকডাউনের ঝুঁকিতে আছে ইউরোপসহ অন্যান্য দেশ। এর মধ্যেই যুক্তরাষ্ট্র তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৪ ডলার কমিয়েছে বলে জানান গোল্ডম্যান স্যাক্সের তেল বিশ্লেষকরা।
এদিকে, উদ্ভুত পরিস্থিতিতে ধীরে ধীরে হলেও তেল উৎপাদন বাড়ানোর নীতিতে স্থির রয়েছে ওপেক প্লাস। দাম বাড়লেও ২০২২ সালের শুরুতে চাহিদাকে তেলের সরবরাহ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি। এমন প্রেক্ষাপটে বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধির কথা বলে গত ৩ নভেম্বর দেশের বাজারেও দাম বাড়িয়েছে বাংলাদেশ সরকার। ডিজেল ও কেরোসিনে লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রতিবেশী দেশের চেয়ে এখনো ডিজেলের কম দেশে কম, এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।