admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২০ ১২:২০ অপরাহ্ণ
বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন ৮টি সংগঠন এই ধর্মঘট পালন করবে। গতরাত ১২টার পর থেকেই শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে, তবে সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী আজ রাত ১২টার পর থেকে বন্ধ থাকবে সব নৌযান। শ্রমিকদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কাজে ফিরবে না তারা।
গত দেড় বছরে এ নিয়ে ৩ বার ধর্মঘটে নামলো নৌযান শ্রমিকরা। এর আগে দুবার তাদেরকে আশ্বাস দেওয়া হলেও দাবিগুলো মেনে নেওয়া হয়নি। চট্টগ্রাম জেলা নৌশ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের সহ-সভাপতি মো. নবী আলম বলেন, আমাদের দাবিগুলো আজকের নয়। প্রায় দুই বছর ধরে এসব নিয়ে বলে আসছি। মাঝে করোনার কারণে আমরা চুপ ছিলাম।
তিনি আরো বলেন, সর্বশেষ ১৩ অক্টোবর রাজধানীর বিজয়নগরে শ্রম অধিদপ্তরের সামনে আমরা মানববন্ধন করেছি। সেই মানববন্ধন থেকেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম, সরকার বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে আলাপ করবে, কিন্তু তা হয়নি। অত্যন্ত স্পষ্টভাবে জানাতে চাই, দাবি না মানা পর্যন্ত এবার আমরা ধর্মঘট প্রত্যাহার করবো না।
নৌশ্রমিকদের দাবিগুলো হলো- বেতনভাতা বৃদ্ধি, নৌপথে ডাকাতি বন্ধ করার ব্যবস্থা, কর্মস্থলে শ্রমিকের মৃত্যু হলে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ, খাদ্যভাতার ব্যবস্থা করা, চাকরির নিয়োগপত্র প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন করা, ভারতগামী নৌযানের শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, নৌপথের নাব্যতা রক্ষা ও প্রয়োজনীয় স্থানে বাতি স্থাপন।