admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৪ ২:১০ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১২।
শুক্রবার এক খুদে বার্তায় জানায়, র্যাব গ্রেফতারের সময় তমালের কাছে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।
জানা গেছে তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
এছাড়া কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আসামি তমাল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তমাল আত্মগোপনে ছিলেন।