admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২১ ১০:২৭ অপরাহ্ণ
বিএনপির মহাসচিব ফখরুল বলেছেন সরকারই হেফাজতকে উস্কে দিয়েছে। অরাজনৈতিক হেফাজতে ইসলামের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সরকারের মন্ত্রীসহ অনেকের বরাত দিয়ে গণমাধ্যমে প্রচার করা হয় বিএনপি ইন্ধনে হেফাজত তাণ্ডব চালিয়েছে। তাদের এ কর্মসূচিতে সমর্থন দিয়েছে বিএনপি। এমন খবর প্রত্যাখ্যান করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে অবৈধ সরকারের পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে মানুষ হত্যা করেছে বলে মন্তব্য করেন তিনি। গত কয়েকদিনে তাদের হাতে ১৫ জন নিহত হয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বিএনপির কর্মসূচি পালনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার হেফাজতকে উস্কানি দিয়ে এখন দোষ আমাদের ওপর চাপাচ্ছে। হেফাজতের বায়তুল মোকাররমের বিক্ষোভে আওয়ামী লীগ ও পুলিশ দুই দিক দিয়ে হামলা চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক নেতার গুলি করার ছবি গণমাধ্যমেও এসেছে।
এ সময় করোনা মোকাবেলায় সরকারের ঘোষিত ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানান বিএনপি মহাসচিব। ভাইরাসটিতে দলটির নেতাকর্মী আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।