admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন সরকার করোনা মোকাবেলায় অবশ্যই পরাজিত হয়েছে। করোনা মোকাবেলায় আওয়ামী লীগ সরকার আগেই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ মহামারি থেকে মানুষকে বাঁচাতে সরকার অবশ্যই পরাজিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার রংপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে দলের বিভাগীয় উদ্যাপন কমিটির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। এ সময় করোনা পরীক্ষায় ‘বিভিন্ন জটিলতা তৈরি এবং যেনতেন পরীক্ষা করে ফল প্রকাশের অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
টিকা নিয়ে সরকার সুশৃঙ্খল অবস্থান তৈরি করতে পারেনি দাবি করে তিনি বলেন, কে টিকা পাবে আর কে পাবে না- সে বিষয়ে বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি করতে পারেনি সরকার। এ বিষয়ে সাধারণ মানুষকে সরকার বোঝাতে সক্ষম হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, দেশের বুদ্ধিজীবী, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জন্য টিকা দেয়ার কথা বলা হয়নি।
জনগণের দুশ্চিন্তা ও বিভ্রান্তি দূর করতে সবার আগে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও এমপিদের টিকা নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মানুষের আস্থা ফেরাতে না পারলে টিকা নিয়ে সমস্যা থেকেই যাবে বলে মন্তব্য করেন তিনি।