admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অস্ত্রোপচারের পর আইসিইউতে। অস্ত্রোপচারের পর খালেদা জিয়াকে আইসিইউতে, নিবিড় পরিচর্যা কেন্দ্র, ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা ভালো আছে বলে জানানো হয়েছে। এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক এ প্রধানমন্ত্রীর একটি মাইনর অপারেশন করা হয়। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ সোমবার, ২৫ অক্টোবর, বিকেলে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
এ সময় দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার চিকিৎসক ডা. জাহিদ বলেন, ম্যাডামের ছোট একটি বায়োপসি করা হয়েছে। অস্ত্রোপচারের পর তার সঙ্গে কথা বলেছেন বড় ছেলে তারেক রহমান। এ ছাড়া খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথিও তার সঙ্গে কথা বলেছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
তার অবস্থা ভালো আছে। দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানাতেই দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানোর কথা। এর আগে আজ বিকেল ৩টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় খালেদা জিয়াকে। ওই সময় দলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএনপি চেয়ারপারসনের মাইনর একটি অপারেশন হচ্ছে।
খালেদা জিয়ার চামড়ার নিচের দিকে ফোসকার মতো হয়েছে। এ জন্য তার অপারেশন করা হচ্ছে। এদিকে, খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন ও ডা. আল মামুন এবং পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সিথি হাসপাতালে যান।