admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভার্চুয়ালি দেয়া বক্তব্যে বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাসী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। বীর সন্তানরা যারা মরনপণ সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে. শতশত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। বুধবার রাজধানী নয়াপল্টনে বিএনপির সমাবেশ তার এ বক্তব্য প্রচার করা হয়। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নের আহবান জানিয়ে বলেন, “তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।
শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের, গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতির নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তরুণদের হাত শক্তিশালী করার আহবান জানিয়ে প্রতিশোধপরায়ণ না হয়ে সমাজ গড়ে তোলার আহবান জানান বেগম জিয়া। ধ্বংস নয়, প্রতিশোধ-প্রতিহিংসা নয়, ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি,যোগ করেন খালেদা জিয়া।
দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি তারেক রহমানেরঃ দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে,” এমন দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এই দাবি জানান। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইনশৃঙ্খলা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে। মুলমান, হিন্দু ,খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন তার নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ান। আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি।
পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে। অধিকাংশ পুলিশ কর্মকর্তা চাকরিবিধি মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করেন। পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা বন্ধ করুন। কেউ বিএনপির নাম ব্যবহার তাকে আইনের হাতে তুলে দিন। দেশবাসীর কাছে আহ্বান কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না,” যোগ করেন মি. রহমান।নৈরাজ্যের বিরুদ্ধে নৈরাজ্য কোনো সমাধান না বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বের করতে হবে। রফতানির আওতা যেকোনো মূল্যে বাড়াতে হবে। দক্ষ ও মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে।
মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের ছাত্ররা অত্যন্ত ম্যাচুরিটির সাথে দায়িত্ব পালন করছেন। সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে মি. আলমগীর বলেন, আমাদের নেতাকর্মীরা কোনো ভাঙচুর, রাহাজানির সাথে জড়িত হয় না। আগুন-অগ্নিসংযোগে আপনারা জড়িত হবে না। যারা জড়িত হয় তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ষোল বছর নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তাদের দেশগঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। ফখরুল বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, তাদের দোসরাও পালিয়ে গেছে। তারা যেন আর ফিরে আসতে না পারে।