admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩৪ পূর্বাহ্ণ
বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার ও রিমান্ড মঞ্জুর। নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তার তিতাসের কর্মকর্তা-কর্মচারীঃ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত আজ শনিবার বিকেলে তাদের এই রিমান্ড আদেশ দেন।
এর আগে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার ৮ আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। এর আগে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের তথ্য জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান।
যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি ও সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার। এ ছাড়াও রয়েছেন সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী এবং হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান। প্রসঙ্গত, ভয়াবহ ওই বিস্ফোরণের পর কর্তব্যে অবহেলার অভিযোগে এর আগে ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে ডিআইজি মাইনুল হাসান বলেন, ঘটনা তদন্তের স্বার্থে এ পর্যায়ে এসে তাদের গ্রেপ্তার করেছি আমরা। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডের আবেদন করা হবে। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ভেতরে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন এশার নামাজের জামাত মাত্র শেষ হয়েছে। এতে নামাজ পড়তে আসা অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হন। পরে গুরুতর আহত ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৩২ জন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরো ৪ জন। শুধু একজন চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পেরেছেন।