admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২১ ১০:৫৭ পূর্বাহ্ণ
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী বলেছে সয়াবিনের দাম বাড়ানোয় অনেক গালি শুনেছি! ভোজ্যতেল সয়াবিনের দাম বাড়ানোর কারণে অনেক গালি শুনেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ মঙ্গলবার রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজেই এ কথা বলেছেন। এদিন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলার মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনীর আয়োজন করা হয়। বিশ্বব্যাপী চিনি ও ভোজ্যতেলের দাম বেড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা বৈশ্বিক সমস্যা। তারপরও পণ্যের দাম কমানোর চেষ্টা করছে সরকার। তবে কৃষকদের কথাও আমাদের ভাবতে হবে।
তারা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে চাষাবাদ বন্ধ করে দিতে পারে। তেমনটি ঘটলে কী অবস্থা হবে, তাও ভাবতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ভাতা দ্বিগুণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা, সেগুলো বাস্তবায়নে সময় লাগছে। মুক্তিযোদ্ধারা সুবিধা পেতে যুদ্ধ করেননি, তারা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। জীবন দিয়েছেন অনেকে, সে কারণে সুযোগ-সুবিধা বাড়িয়েছে সরকার।
স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ অনেকটা এগিয়েছে মন্তব্য করে টিপু মুনশি বলেন, মানুষের উপার্জন বেড়েছে, বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। করোনা মহামারির মধ্যেও উন্নয়ন দেখেছে বিশ্ব। এখন সব ক্ষেত্রে ৫০ শতাংশ পিছিয়ে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে এটা সম্ভব হয়েছে। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে রংপুরের মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলুসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।