admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে লকডাউনের সকালে ট্রাক চাপায় ৬ প্রাণহানি। আজ শুক্রবার সকাল ৬টা থেকে দেশব্যাপী শুরু হয়েছে কঠোর লকডাউন। বিধিনিষেধ শুরুর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৭টার দিকে মারাত্মক এক দুর্ঘটনা ঘটেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে। দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয় অটোরিকশাকে। তাতে করে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অটোরিকশার ৬ যাত্রী। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আনাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহত ৬ জনের মৃতদেহ সেখান থেকে নিয়ে এসেছে পুলিশ।
ইতোমধ্যেই ওই ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রামপাল উপজেলার চাকশ্রী বাজার এলাকার মৃত ওহিদের ছেলে আব্দুল হাই। ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ এলাকার দিলিপ রাহার ছেলে উতপল রাহা এবং একই এলাকার মৃত জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত। আহত নূর মোহাম্মদের বাড়িও ফকিরহাটের নলদায়।
সাইদুল আনাম আরও জানান, পণ্যবোঝাই ট্রাকটি মোংলার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে আসছিল অটোরিকশাটি। এ সময় যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি চলে যায় ট্রাকের নিচে। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকের চালক পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে ধরা হয়েছে।