admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১:২৭ অপরাহ্ণ
বাংলাদেশের ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি সবগুলো ব্যাংকে পাঠানো হয়েছে। চিঠির নির্দেশনা অনুযায়ী, আগামীকাল ১৪ সেপ্টেম্বরের মধ্যে হিসাব সংক্রান্ত সব নথির সফটকপি পাঠাতে হবে। যেসব সাংবাদিক নেতার ব্যাংক হিসাব পাঠাতে বলা হয়েছে, তারা হলেন- জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ। তালিকায় আরও আছেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি আব্দুল কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যেসব অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে, তার সবগুলোর লেনদেনের যাবতীয় তথ্য পাঠাতে হবে। শুধু বর্তমানে নয়, অতীতেও এসব ব্যক্তির নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে তার বিবরণ জমা দিতে হবে। বিবরণীর মধ্যে থাকবে হিসাব খোলার ফর্ম, ট্রানজেকশন প্রোফাইল, কেওয়াইসিসহ সবকিছু।