admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মে, ২০২০ ৫:৫৯ পূর্বাহ্ণ
বাংলাদেশে ২৫শে মে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করেছে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার কমিটির সহ-সভাপতি এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বাংলাদেশের কোথাও শওয়াল মাসের চাঁদ দেখা যাবার খবর পাওয়া যায়নি। ফলে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবার পর ২৫শে মে সোমবার শওয়াল মাসের প্রথম দিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
তবে সিঙ্গাপুর, সৌদি আরবসহ বেশ কিছু দেশে ২৪শে মে রোববার ঈদুল ফিতর পালিত হবে বলে একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। করোনাভাইরাসের কারণে এবছর কঠোর বিধিনিষেধের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ পালিত হবে।
বাংলাদেশেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। করোনাভাইরাসের বিস্তার রোধে এবারের ঈদের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে বাড়ির কাছের মসজিদে গিয়ে আদায় করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। এর আগে বুধবার ১৩ই মে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয় যে ভাইরাসের বিস্তার ঠেকাতে ঈদের সময় যে যেখানে থাকবে তাকে সেখানেই ঈদ উদযাপন করার জন্য ।