admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১ ১২:৩০ পূর্বাহ্ণ
বাংলাদেশে বৈধ-অবৈধ কোনো মোবাইল বন্ধ হবে না। কোনো মোবাইল হ্যান্ডসেটের নেটওয়ার্ক বন্ধ করা হবে না বলে জানিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সেটা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বা বিটিআরসির নিবন্ধিত হোক বা না হোক। অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বৃহস্পতিবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের যেকোনো মোবাইল নেটওয়ার্কের আওতায় থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না— হোক সেটা বৈধ কিংবা অবৈধ। সবশেষের এই সিদ্ধান্তের ফলে বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারে সব ধরনের হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
মন্ত্রী বলছেন, দেশের ভেতরে চালু থাকা সব হ্যান্ডসেটের বিস্তারিত ডাটাবেস রাখা ছিল বিটিআরসির কাজ। সেটি সফলভাবেই সম্পন্ন হচ্ছে। এখন জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর যদি মনে করে মূল্য সংযোজন কর, ভ্যাট, ফাঁকি দিয়ে দেশে আনা হ্যান্ডসেটগুলোর একটি তালিকা তাদের দরকার, তাহলে তারা বিটিআরসির কাছ থেকে নিতে পারবে, যোগ করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
উল্লেখ্য, এক সপ্তাহ আগে অনিবন্ধিত হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিটিআরসির পক্ষ থেকে একটি চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছিল। তবে সেই সময় শেষ হওয়ার আগেই নতুন এই সিদ্ধান্ত নিলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।