admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুন, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের ৮০ শতাংশই ভারতীয়! করোনাভাইরাসের শক্তিশালী ভারতীয় ধরন অনেক আগেই বাংলাদেশে প্রবেশ করেছে। তবে এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নিয়েছে সরকার। তাতে ভারতীয় ভ্যারিয়েন্টটি খুব বেশি ছড়াতে পারবে না বলে আশা করা হয়েছিল। কিন্তু গবেষণায় উঠে এসেছে ভিন্ন কিছু। জানা গেছে, দেশে সংক্রমণের ৮০ শতাংশই ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্ট! এ তথ্য উঠে এসেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিএসএইচআই)- এর যৌথ গবেষণায়। প্রতিষ্ঠান দুটি করোনভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে, যার মধ্যে ৪০টিতেই পাওয়া গেছে ভারতীয় ধরণ।
গত ৮ মে দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের ভারতীয় ভারিয়েন্ট শনাক্ত করা হয়। এরপর ভারতফেরতদের ব্যাপারে কড়া কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে সরকার। কিন্তু সেই প্রচেষ্টা যে সফলতার মুখ দেখেনি তার প্রমাণ- ৫০ জনের মধ্যে ৪০ জনই ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে।
ভারতীয় এই ধরনটিকে উদ্বেগজনক আখ্যা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে বর্তমানে যাদেরকে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হচ্ছে, তারা অনেকেই ভারত যাননি, এমনকি ভারতফেরত কারো সঙ্গে দেখাও করেননি। তারপরও আক্রান্ত হয়েছেন। এর অর্থ হলো- ভ্যারিয়েন্টটির কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, যারা বিপজ্জনক ইঙ্গিত।